দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

আগামী অর্থবছরে ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতে আরও পাঁচ লাখ নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে বলে জানিয়েছেন পাট, শিল্প ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
বুধবার (২৪ জুন) রাজধানীর পল্টনে ‘প্রস্তাবিত বাজেটে এসএমই খাতের প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক এক কর্মশালায় তিনি এ কথা বলেন।
মন্ত্রী জানান, সম্ভাব্যতা যাচাইয়ের ভিত্তিতে নতুন বিসিক শিল্প পার্ক স্থাপন করা হবে। এর মাধ্যমে ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রতিষ্ঠানগুলোকে দেশের মূল অর্থনীতির সঙ্গে আরও কার্যকরভাবে যুক্ত করার উদ্যোগ নেওয়া হবে।
অনুষ্ঠানে এসএমই ফাউন্ডেশন ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য করমুক্ত আয়ের সীমা বৃদ্ধি, কর ও ভ্যাট সুবিধা, সহজ শর্তে ঋণ, শুল্ক ছাড় এবং ক্লাস্টার উন্নয়নে অতিরিক্ত সহায়তার দাবি জানায়।
এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার হোসেন চৌধুরী বলেন, খাতটির টেকসই বিকাশের জন্য বাজেটে আরও কার্যকর বরাদ্দ বাড়ানো প্রয়োজন।
কর্মশালায় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) করনীতি সদস্য মুতাসিম বিল্লাহ ফারুকী বলেন, করজাল সম্প্রসারণের মাধ্যমে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, যা বাস্তবায়নযোগ্য। তিনি বলেন, নির্দিষ্ট গোষ্ঠীর ওপর করের চাপ কমাতে করদাতার সংখ্যা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে এবং রাজস্ব আহরণ বৃদ্ধির বিকল্প নেই।
খন্দকার আব্দুল মুক্তাদির আরও বলেন, সরকারি শিল্পকারখানাগুলোতে জ্বালানি সরবরাহ নিশ্চিত করা গেলে সেগুলো পর্যায়ক্রমে বেসরকারি খাতে হস্তান্তরের পরিকল্পনা রয়েছে।
তিনি আশা প্রকাশ করে বলেন, রপ্তানি ও অর্থনৈতিক প্রবৃদ্ধির ধারাবাহিকতায় বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের জন্য প্রয়োজনীয় প্রস্তুতিও টেকসইভাবে নেওয়া হয়েছে। আগামী অর্থবছর শেষে দেশের ট্যাক্স-জিডিপি অনুপাত আরও সন্তোষজনক পর্যায়ে পৌঁছাবে বলেও তিনি আশা করেন।
জে আই